ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অর্থনৈতিক দুর্বলতা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে তরুণ প্রজন্মের বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরজুড়ে সাড়ে ৯ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার, ২০ অক্টোবর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাকার্তা শহর পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করার পরিকল্পনা করেছেন। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাম্প্রতিক দাবানল, শেয়ারবাজারের দরপতন, রুপিয়ার অবমূল্যায়নসহ জাতীয় অর্থনীতির নাজুক পরিস্থিতির প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে।
এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস রাজধানীর একটি স্মৃতিসৌধে ব্যানার টাঙিয়ে জলবায়ু সংকট মোকাবিলা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানিয়েছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ২০২৪ সালে দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও তাঁর বিভিন্ন জনতুষ্টিবাদী কর্মসূচির অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষ ও বিনিয়োগকারীদের আস্থা কমছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের জরিপ অনুযায়ী, গত বছরের নভেম্বরে প্রাবোওর জনপ্রিয়তা ছিল ৮১ দশমিক ২ শতাংশ। চলতি মাসে তা কমে ৪৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে, যা জরিপে তাঁর সর্বনিম্ন সমর্থন।
এর আগে ২০২৫ সালে পুলিশের হামলায় এক মোটরসাইকেলচালক নিহত হওয়ার পর ইন্দোনেশিয়াজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। গত আগস্টেও ব্যাপক বিক্ষোভের ঘটনায় শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।
ইন্দোনেশিয়া বিক্ষোভ, জেন-জি আন্দোলন, অর্থনৈতিক সংকট