যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আগুনের ঝুঁকি এড়াতে প্রায় ছয় হাজার বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে প্রায় ১৬ হাজার মানুষ নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশের আওতায় পড়েছেন।
শুক্রবার ১৬ অক্টোবর সান ক্লেমেন্তে শহরে শুরু হওয়া নর্তে দাবানল পরে সান হুয়ান ক্যাপিস্ত্রানো এলাকায় ছড়িয়ে পড়ে। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্যালিফোর্নিয়ার দমকল কর্তৃপক্ষের তথ্যমতে, শুক্রবার সন্ধ্যা নাগাদ আগুন প্রায় ২৩১ হেক্টর এলাকায় ছড়িয়ে পড়ে। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। পরিস্থিতি মোকাবিলায় দুই শহরেই আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।
দাবানল নিয়ন্ত্রণে স্থলপথে অগ্নিনির্বাপণ কার্যক্রমের পাশাপাশি হেলিকপ্টার থেকে পানি ও আগুন নেভানোর উপাদান ছিটানো হচ্ছে। তবে উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা এবং প্রবল সান্তা আনা বাতাস আগুনের বিস্তার বাড়িয়ে দিচ্ছে।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৫৫ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল। শুক্রবার বাতাসের তীব্রতা বেশি থাকলেও শনিবার রাত পর্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকার আশঙ্কা ছিল। এসব পরিস্থিতিতে দাবানল নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে উঠেছে।
নতুন করে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় সতর্কতামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুতের তার থেকে স্ফুলিঙ্গের মাধ্যমে আগুন লাগার আশঙ্কা থেকেই এ পদক্ষেপ। তবে অরেঞ্জ কাউন্টিতে কতসংখ্যক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্য এলাকাগুলোতেও একাধিক দাবানল মোকাবিলা করছেন দমকলকর্মীরা। লস অ্যাঞ্জেলেস কাউন্টির মালিবুর কাছে ব্রাইসন দাবানল এবং সান দিয়েগো কাউন্টির হেন্ডারসন দাবানল নিয়েও উদ্বেগ রয়েছে। হেন্ডারসন দাবানলের প্রভাবে ক্যাম্প পেন্ডলটন সামরিক ঘাঁটির আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের মধ্যে আগুনের বিস্তার ঠেকানো এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জরুরি বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।
ক্যালিফোর্নিয়া দাবানল, অরেঞ্জ কাউন্টি, জরুরি সরিয়ে নেওয়া