প্রথমার্ধের বড় ব্যবধানের লিড ধরে রেখে মালদ্বীপকে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অতিথি দলটিকে ৩৩-২০ গোলে হারায় স্বাগতিকরা।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১৭-৫ গোলে এগিয়ে ছিল। বিরতির পর মালদ্বীপ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ১৭ গোলের বিপরীতে ১৫ গোল করে। তবে প্রথমার্ধের ১২ গোলের ব্যবধান শেষ পর্যন্ত বাংলাদেশের জয় নিশ্চিত করে।
ম্যাচে আট গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার।
প্রতিযোগিতার শুরুতে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরে যায় দলটি। ফাইনালে ওঠার জন্য রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে জয় অপরিহার্য ছিল বাংলাদেশের। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে মালদ্বীপকে হারিয়ে লক্ষ্য পূরণ করেছে আনা আলোনসো ফ্রাগুয়ার দল।
আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় প্রতিযোগিতার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পরিবর্তিত সূচি অনুযায়ী, ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বুধবার দুপুর ২টায় খেলবে মালদ্বীপ ও নেপাল।
বাংলাদেশ নারী হ্যান্ডবল, আইএইচএফ নেশন্স ট্রফি, ফাইনাল