বুধবার, অক্টোবর ২১, ২০২৬

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১০-২০ ১৫:৫৩:১৬
ছবি: সংগৃহীত।

সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে পাগলাপীরে সড়কের দুই পাশে সমবেত মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত পথসভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বাংলাদেশ সবার দেশ। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনেও সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন। এখন দেশের উন্নয়নেও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। চালু হয়েছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে সরকার।
সমবেত মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান তিনি। এ সময় উপস্থিত জনতা হাত উঁচিয়ে তাঁর আহ্বানে সমর্থন জানান। পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
এর আগে সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু,পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
সফরসূচি অনুযায়ী, রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
এর আগে সকালে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবের মহানবমী। আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের উৎসব শেষ হবে।

তারেক রহমান, ধর্মীয় সম্প্রীতি, দুর্গোৎসব


এ জাতীয় আরো খবর