মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

দারিদ্র্য মানবাধিকারের লঙ্ঘন, আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান গুতেরেসের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১০-১৮ ০৯:০২:০৭
ফাইল ছবি

দারিদ্র্য মানুষের মর্যাদার ওপর চরম আঘাত এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সুরক্ষায় আন্তর্জাতিক আর্থিক কাঠামো জরুরি ভিত্তিতে সংস্কার করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে গুতেরেস বলেন, দারিদ্র্য মানুষের সুযোগ সীমিত করে এবং সংকটের সময় তাদের আরও ঝুঁকির মধ্যে ফেলে দেয়।
এ বছরের প্রতিপাদ্য সবার জন্য নিরাপদ বাসস্থানের প্রসঙ্গ তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন, দারিদ্র্যের সঙ্গে আবাসনসংকটের গভীর সম্পর্ক রয়েছে। অতিরিক্ত বাড়িভাড়া, অনিরাপদ বাসস্থান ও গৃহহীনতা মানুষকে আরও দারিদ্র্যের দিকে ঠেলে দেয়।
তিনি সতর্ক করে বলেন, এর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে পারে। এতে সামাজিক বৈষম্য স্থায়ী হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি বাড়ে, শিক্ষার সুযোগ ব্যাহত হয় এবং স্থায়ী কর্মসংস্থান পাওয়াও কঠিন হয়ে পড়ে।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আয় ও আবাসনসংক্রান্ত সংকটের কারণে মানুষ যেন আরও দুরবস্থায় না পড়ে, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন গুতেরেস। এ জন্য সাশ্রয়ী আবাসন, মৌলিক সেবা, শোভন কর্মপরিবেশ এবং সবার জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
জাতিসংঘ মহাসচিব বলেন, দোহা রাজনৈতিক ঘোষণা দারিদ্র্য দূরীকরণ এবং এর পেছনে থাকা বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে বৈশ্বিক অঙ্গীকারকে নতুন করে জোরদার করেছে। এই অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও পর্যাপ্ত অর্থায়ন প্রয়োজন। সেভিয়া প্রতিশ্রুতিও এ লক্ষ্য অর্জনের পথকে সহজ করেছে বলে উল্লেখ করেন তিনি।
আন্তর্জাতিক আর্থিক কাঠামোকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল করার ওপর জোর দিয়ে গুতেরেস বলেন, উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ব্যবস্থার জরুরি সংস্কার প্রয়োজন।
বিশ্বে দারিদ্র্য মোকাবিলার জন্য প্রয়োজনীয় সম্পদ ও জ্ঞান রয়েছে উল্লেখ করে তিনি রাজনৈতিক সদিচ্ছা এবং বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তাঁর মতে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে প্রতিটি মানুষের জন্য নিরাপদ বাসস্থান এবং দারিদ্র্যমুক্ত পরিবেশে মর্যাদাপূর্ণ জীবন গড়ার সুযোগ নিশ্চিত করা সম্ভব।

দারিদ্র্য বিমোচন, নিরাপদ বাসস্থান, আন্তোনিও গুতেরেস


এ জাতীয় আরো খবর