মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ,নারীর মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১০-১৮ ১৬:২৩:৫৭
ছবি: সংগৃহীত।

ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা মাঝ আকাশে খুলে যাওয়ার ঘটনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ এক নারীকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। যাত্রীতালিকা অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটিতে তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তাঁদের সবার জাতীয়তা ভারতীয় বলে উল্লেখ করা হয়েছে।
যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড পরিচালিত উড়োজাহাজটির মডেল সি৯০এ এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ। এটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল।
উড়োজাহাজটির প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ এতে মোট সাতজন ছিলেন।
মাঝ আকাশে কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ, অঞ্জনা ভৌমিক


এ জাতীয় আরো খবর