আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ২৫ নভেম্বর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ কার্যক্রমের অংশ হিসেবে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলানোর আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।
শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ সময়সূচি জানানো হয়।
নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠপর্যায়ে সংযোগ পাঠানোর কাজ শেষ হবে ৪ নভেম্বর। পরদিন ৫ নভেম্বর প্রকাশ করা হবে হালনাগাদ খসড়া তালিকা। তালিকায় কোনো ভুল থাকলে দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়ার শেষ সময় ২০ নভেম্বর।
এসব আবেদন নিষ্পত্তি করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে। পরদিন ২৪ নভেম্বর আবেদনগুলোর বিষয়ে গৃহীত সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এরপর ২৫ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
চিঠিতে খসড়া তালিকা জনসাধারণের পরিদর্শনের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি ভুলত্রুটি সংশোধনে মানুষকে সচেতন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দিতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও তারের মাধ্যমে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় জনস্বার্থে প্রচারের ব্যবস্থাও নিতে হবে।
খসড়া তালিকায় পুরুষের তালিকায় নারী ভোটার কিংবা নারীর তালিকায় পুরুষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হওয়া, ধর্মসংক্রান্ত ভুল এবং অন্যান্য অসংগতি চিহ্নিত হলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর। এ-সংক্রান্ত আবেদন ইস্যুর শেষ তারিখ ৩ নভেম্বর এবং জমা পড়া আবেদন নিষ্পত্তির শেষ সময় ৫ নভেম্বর নির্ধারণ করেছে কমিশন।
আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটার তালিকা, স্থানীয় সরকার নির্বাচন, নির্বাচন কমিশন