মঙ্গলবার, মে ২৬, ২০২৬

মিয়ানমারের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের অন্তত: ৮০টি শহরের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-১৬ ০৯:২৩:৫৪

মানবাধিকার সংগঠন আথান মিয়ানমারের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, মিয়ানমারের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের অন্তত: ৮০টি শহরের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সামরিক সরকার। 
এক প্রতিবেদনে ইরাবতি জানিয়েছে, আরাকান রাজ্যের ১৭টি শহরের মধ্যে একটিতেও সচল নেই ইন্টারনেট সেবা। সাগাইং অঞ্চলের ৩৪টি শহরের মধ্যে ২৭ টিতে কোনো ধরনের ইন্টারনেট, মোবাইল ও টেলিফোন সংযোগ নেই। এ ছাড়া, কায়াহ রাজ্যের ৭টি শহরের ৫টি শহরই টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। 
এ ছাড়া, শান, চিন, কাচিন ও মন রাজ্যের বিভিন্ন শহর এবং তানিনথারি, মগওয়ে, বাগো ও আয়েওয়ারওয়াদির মতো শহরগুলোকেও টেলিফোন ও ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
তবে সব শহরের ইন্টারনেট ও টেলিযোগাযোগ সংযোগ এক সাথে বিচ্ছিন্ন করা হয়নি। কোনোটিতে দুই ধরণের সংযোগের একটিও নেই, আবার কোনো কোনোটিতে ইন্টারনেট থাকলেও টেলিফোন সংযোগ নেই।  যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় রাখাইন রাজ্যে ব্যাংকিং সেবা ও অনলাইন আর্থিক লেনদেন কার্যত স্থবির হয়ে পড়েছে। 
এই পরিস্থিতিকে বিদ্রোহীদের দমনে জান্তাবাহিনীর কৌশল হিসেবে আখ্যা দিয়েছে মানবাধিকার সংগঠন আথান। একে তথ্যের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে বিপ্লবী কর্মকাণ্ড থেকে দূরে রাখার প্রয়াস বলেও জানিয়েছে আথান।

 


এ জাতীয় আরো খবর