রবিবার, জুলাই ২৬, ২০২৬

চা শিল্পে নতুন সহায়তার আশ্বাস,সমস্যা সমাধানে সমন্বিত কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৭-২৬ ২১:১৭:১৮
ছবি: সংগৃহীত।

বাংলাদেশের চা শিল্পকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলতে নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিল্পটির দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত চা শিল্প উন্নয়নবিষয়ক এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয়, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ শিল্পটির নানা সমস্যা তুলে ধরেন। পাশাপাশি টেকসই উন্নয়নের জন্য কয়েকটি সুপারিশও উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী আলোচনায় চা শিল্পকে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করে বলেন, এ শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত রাখবে।
বৈঠকে চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ প্রদানের বিষয়েও আশ্বাস দেন সরকারপ্রধান। এছাড়া চা চাষের অনুপযোগী বাগান এলাকায় সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার কথা জানান এবং এ ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে প্রয়োজনীয় অর্থনৈতিক সহায়তার আশ্বাস দেন।
চা শিল্পের বিদ্যমান সমস্যাগুলোর স্থায়ী সমাধান খুঁজে বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং খাতসংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চা বাগান মালিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চা শিল্প, প্রধানমন্ত্রী, সহায়তা

 


এ জাতীয় আরো খবর