বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন মোড়, প্রহ্লাদ যোশীর হাতে ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৭-২৫ ২৩:১১:৩৮
ছবি: সংগৃহীত।

ভারতের শিক্ষা খাতকে ঘিরে দীর্ঘদিনের অস্থিরতার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতার দাবি এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন আন্দোলনের প্রেক্ষাপটে তার এই পদত্যাগকে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
শনিবার রাষ্ট্রপতির দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগের মন্ত্রণালয়ের দায়িত্বও বহাল রাখবেন।
পদত্যাগের পর ধর্মেন্দ্র প্রধান বলেন, চলমান পরিস্থিতিকে কেউ যেন রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থে ব্যবহার করতে না পারে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে অনিশ্চয়তায় না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে একাধিক দফায় আলোচনা অনুষ্ঠিত হয়। এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ে এই পরিবর্তন আনা হলো।
এদিকে, টানা প্রায় ৩৬ দিন আন্দোলন চালানোর পর শনিবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় সিজেপি। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই সংগঠনটি এই সিদ্ধান্ত জানায়। কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিতের ঘোষণা আসে।
সিজেপির প্রধান দাবিগুলোর মধ্যে ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও এফআইআর প্রত্যাহারের নিশ্চয়তা এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।

সূত্র: এনডিটিভি

ভারত, শিক্ষামন্ত্রী, নিট


এ জাতীয় আরো খবর