মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

জেলেনস্কিকে স্বাগত জানাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী,ইউক্রেনকে দিচ্ছে নতুন সামরিক প্রযুক্তি

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৬-০৭-২৭ ২৩:১০:০৬
ফাইল ছবি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় প্রথম বিদেশি নেতা হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন অ্যান্ডি বার্নহ্যাম। সোমবারের এই সফরের মাধ্যমে কিয়েভের প্রতি লন্ডনের অব্যাহত ও দৃঢ় সমর্থনের বার্তা দেওয়া হবে।
ডাউনিং স্ট্রিট জানিয়েছে, সফরের অংশ হিসেবে দুই নেতা একটি ব্রিটিশ নৌঘাঁটি পরিদর্শন করবেন। সেখানে যুক্তরাজ্যে প্রশিক্ষণরত ইউক্রেনীয় সেনা সদস্য এবং প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত দুই দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে তারা মতবিনিময় করবেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পরপরই জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন বার্নহ্যাম। এবার সামনাসামনি বৈঠকেও তিনি সেই অবস্থান পুনর্ব্যক্ত করবেন।
এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। রাশিয়ার এ বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে যুক্তরাজ্য ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ‘স্টোন ক্লোক’ নামে একটি অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মেধাস্বত্ব হস্তান্তরের ঘোষণা দিয়েছে। ড্রোনে ব্যবহৃত এই প্রযুক্তি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ড্রোন শনাক্ত করা কঠিন করে তোলে।
ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গত বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত দুই দেশের ১০০ বছরের অংশীদারত্ব চুক্তির আওতায় যৌথ গবেষণার মাধ্যমে প্রযুক্তিটি তৈরি হয়েছে। ইউক্রেনের ড্রোন সক্ষমতা জোরদারে ইতোমধ্যে কয়েক হাজার জ্যামার সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে ইউক্রেনে এর ব্যাপক উৎপাদন শুরু হলে এটি যুক্তরাজ্যের পরবর্তী প্রজন্মের দূরপাল্লার সামরিক সক্ষমতারও অংশ হবে।
সোমবারের কর্মসূচিতে বার্নহ্যাম ও জেলেনস্কি প্রায় ২০০ ইউক্রেনীয় সেনা ও নৌসদস্যের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা গত তিন সপ্তাহ ধরে যুক্তরাজ্যে সামুদ্রিক নিরাপত্তা ও মাইন প্রতিরোধবিষয়ক বিশেষ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন, যা ভবিষ্যতে কৃষ্ণসাগর অঞ্চলে সম্ভাব্য অভিযানের প্রস্তুতির অংশ।
যুক্তরাজ্য সরকারের তথ্য অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভকে দেশটি ২৫ বিলিয়ন পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে। এর মধ্যে প্রায় ১৬ বিলিয়ন পাউন্ড সরাসরি সামরিক খাতে ব্যয় করা হয়েছে।
এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এছাড়া চলতি মাসে মারা যাওয়া ইউক্রেনপন্থী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

জেলেনস্কি, যুক্তরাজ্য, ইউক্রেন


এ জাতীয় আরো খবর