বুধবার, জুলাই ২৯, ২০২৬

সামাজিক সেবা সংস্কারে বড় প্রতিশ্রুতি বার্নহ্যামের,কমবে এনএইচএসের চাপ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৭-২৮ ০০:২৩:৪৭
ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দেশটির সামাজিক সেবা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার মান উন্নত করা গেলে জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস)-এর ওপর বিদ্যমান চাপও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।
সোমবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বার্নহ্যাম বলেন, দায়িত্বে থাকাকালীন সামাজিক সেবা খাতে দৃশ্যমান পরিবর্তন আনাই তার অন্যতম প্রধান লক্ষ্য। তিনি জানান, এই খাতকে পুনর্গঠনে নিজের সর্বোচ্চ রাজনৈতিক সক্ষমতা কাজে লাগাবেন।
বর্তমানে সরকারি অর্থায়নে পরিচালিত এনএইচএস দীর্ঘ অপেক্ষার তালিকা, শয্যা সংকট ও সীমিত সম্পদের চাপে রয়েছে। অন্যদিকে, যুক্তরাজ্যে বয়স্ক ও প্রতিবন্ধীদের অধিকাংশ সামাজিক সেবা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়, যা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
বার্নহ্যাম বলেন, বড় ধরনের সংস্কার ছাড়া তিনি দায়িত্ব শেষ করতে চান না। তার মতে, সামাজিক সেবা ব্যবস্থাকে কার্যকর ও আধুনিক করা এখন সময়ের দাবি।
ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, তার বাবা আলঝেইমারে আক্রান্ত এবং দীর্ঘদিন ধরেই তিনি সামাজিক সেবা ব্যবস্থার উন্নয়নের পক্ষে কাজ করে আসছেন। ২০০৯-১০ সালে গর্ডন ব্রাউনের সরকারের স্বাস্থ্যসচিব থাকাকালেও তিনি সরকারি অর্থায়নে জাতীয় পরিচর্যা সেবা চালুর প্রস্তাব দিয়েছিলেন, যদিও সেটি বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, নতুন কাঠামো বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও দায়িত্বকালেই উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিত করতে চান।
বর্তমানে যুক্তরাজ্যে বাসাবাড়ি ও আবাসিক পরিচর্যা সেবার সুযোগ নির্ধারিত হয় ব্যক্তির আয়ের ভিত্তিতে। এসব সেবার দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের ওপর থাকলেও বয়স্ক মানুষের সংখ্যা বাড়ায় তাদের ওপর চাপও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
সামাজিক সেবার ঘাটতির কারণে অনেক রোগীকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া সম্ভব হয় না। ফলে এনএইচএসে শয্যা ও জনবল সংকট আরও তীব্র হয়ে উঠছে।
এদিকে কল্যাণমূলক ব্যয় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন বার্নহ্যাম। তিনি জানান, মানুষকে কর্মসংস্থানে ফিরতে উৎসাহিত করতে সরকারি ভাতা পাওয়ার শর্ত আরও কঠোর করার বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় সহায়তা ও কর্মসংস্থানের সুযোগের মধ্যে সমন্বয় আনার কথাও বলেন তিনি।

যুক্তরাজ্য, সামাজিক সেবা, এনএইচএস


এ জাতীয় আরো খবর