বুধবার, জুলাই ২৯, ২০২৬

বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৭-২৮ ২৩:৪০:৩৪
ছবি: সংগৃহীত।

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মঙ্গলবার সকাল সোয়া ১১টায় তিনি বঙ্গভবনে প্রবেশ করেন।
বঙ্গভবনের প্রধান ফটক-২-এ পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায় এবং গার্ড অব অনার প্রদানের স্থানে নিয়ে যায়। পরে পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী তাকে গার্ড অব অনার প্রদান করে।
আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম অক্টাগনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
পরে তিনি নিজ কার্যালয়ে গিয়ে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের প্রশাসনিক ও দাপ্তরিক বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে অবহিত করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এ কার্যক্রমের মধ্য দিয়ে বঙ্গভবনে তার আনুষ্ঠানিক দায়িত্বপালনের সূচনা হলো।

বঙ্গভবন,ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার


এ জাতীয় আরো খবর