সোমবার, জুলাই ২৭, ২০২৬

যুক্তরাষ্ট্র-সমর্থিত সংলাপে যাচ্ছেন না ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদো

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৬-০৭-২৭ ০৮:৫৯:৫৮
ফাইল ছবি

আগামী আগস্টে যুক্তরাষ্ট্রের সমর্থনে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অনুষ্ঠেয় রাজনৈতিক সংলাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।
রোববার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে মাচাদো এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া জানান, প্রস্তাবিত সংলাপের পরিকল্পনা, আয়োজন বা বাস্তবায়নের কোনো পর্যায়েই তারা যুক্ত নন এবং অংশও নেবেন না।
তবে তারা বলেন, দেশের প্রকৃত অগ্রগতি ও গণতান্ত্রিক সমাধানে সহায়ক হতে পারে—এমন কোনো উদ্যোগে তারা বাধা সৃষ্টি করবেন না।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, চলতি জুলাইয়ের মাঝামাঝি অন্তর্বর্তী সরকারের প্রধান ডেলসি রদ্রিগেজ এবং ২০১৫-২০২০ মেয়াদের কয়েকজন সাবেক বিরোধী সংসদ সদস্য রাজনৈতিক পুনর্মিলন ও গণতন্ত্র শক্তিশালী করার লক্ষ্যে একটি নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেন।
এ বিষয়ে মাচাদো বলেন, উদ্যোগটির উদ্দেশ্য, কাঠামো বা বাস্তবায়ন নিয়ে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তাদের নয়। যারা এই উদ্যোগ নিয়েছেন, তারাই জনগণের কাছে এর লক্ষ্য, পদ্ধতি ও সময়সূচি তুলে ধরবেন।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত এক সামরিক অভিযানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ওয়াশিংটন এই সংলাপ উদ্যোগকে ভেনেজুয়েলার রাজনৈতিক পুনর্মিলনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানায়।
এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র-সমর্থিত নির্বাসিত বিরোধী নেতা দিনোরাহ ফিগুয়েরা স্বল্প সময়ের জন্য ভেনেজুয়েলা সফর করেন। সফরকালে তিনি জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেন।
যৌথ বিবৃতিতে মাচাদো আবারও দাবি করেন, ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রকৃত বিজয়ী ছিলেন এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া, যদিও ব্যাপক কারচুপির অভিযোগের মধ্যেই নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমরা ভেনেজুয়েলায় ফিরে আসব।’
অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডেলসি রদ্রিগেজ অভিযোগ করেছেন, গত মাসে দুটি ভয়াবহ ভূমিকম্পে পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণহানির পর তিনি দেশে ফিরতে চাইলেও অন্তর্বর্তী সরকার তার প্রত্যাবর্তনে বাধা দিয়েছে।

ভেনেজুয়েলা, মাচাদো, সংলাপ


এ জাতীয় আরো খবর