দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ের অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষা নীতির বাস্তবায়ন অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, কার্যকর পাঠদান, শিক্ষকদের ধারাবাহিক ও যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সময় তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব চ্যালেঞ্জ, সমস্যা এবং সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নে মাঠপর্যায়ের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
পরিদর্শনের শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
শিক্ষা,মানসম্মত শিক্ষা,প্রধানমন্ত্রী