নওগাঁ
আর মাত্র ছয় দিন পরই শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে নওগাঁয় চলছে ব্যাপক প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ চলছে। দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমায় রং-তুলির শেষ আঁচড় দিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা।
প্রতিমার মাটির কাজ শেষ করে এখন চলছে রং করা, সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা। কোথাও চলছে প্রতিমার মুখমণ্ডলে রং করার কাজ, আবার কোথাও তৈরি করা হচ্ছে দেবীর বাহন ও অন্যান্য দেবদেবীর প্রতিমা।
পূজার সময় ঘনিয়ে আসায় কাজের চাপও বেড়েছে কারিগরদের। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমার কাজ শেষ করতে ব্যস্ত তাঁরা। অন্যদিকে, পূজামণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও সার্বিক আয়োজন নিয়েও প্রস্তুতি নিচ্ছেন আয়োজকেরা।
সব মিলিয়ে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নওগাঁয় বিরাজ করছে উৎসবের আমেজ। এখন প্রতীক্ষা শুধু পূজার আনুষ্ঠানিকতা শুরুর।
প্রতিমা তৈরির কারিগর সুভোল দাশ ও চন্দ্রন কুমার বলেন, প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। এখন পুরোদমে চলছে রং-তুলির কাজ ও প্রতিমা সাজানোর প্রস্তুতি। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমার কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
নওগাঁ হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট বিশ্বজিৎ কুমার সরকার বলেন, এ বছর নওগাঁ জেলায় ৮৩১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উদ্যাপনের জন্য সরকার প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত অনুদান দিয়েছে।
নওগাঁর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, এ বছর জেলাজুড়ে ৮৩১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন, যাতে নির্বিঘ্নে পূজা উদ্যাপন করা যায়।