উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নির্ধারিত লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বাজেট বরাদ্দ দেবে। তবে এই অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা যেন যথাযথভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে কর্মকর্তাদের বিশেষ মনোযোগ দিতে হবে।
সরকারি দায়িত্বকে জনসেবার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষের তুলনায় দায়িত্ব পালনের সুযোগ পাওয়া ব্যক্তিরা বিশেষ অবস্থানে রয়েছেন। এই সুযোগ দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানো সবার দায়িত্ব।
প্রধানমন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনের সুযোগ সব সময় এক রকম থাকে না। তাই যে যখন যে দায়িত্বে থাকবেন, তাঁকে সেই সময়টুকু সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজে লাগাতে হবে।
কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাঠপর্যায়ে কাজ করা কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নেও সহায়ক হবে।
মন্ত্রণালয়ের কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে ভবিষ্যতে আবারও পর্যালোচনা সভা হবে বলে জানান প্রধানমন্ত্রী। পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা যেন আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনগণের অর্থ, উন্নয়ন প্রকল্প, প্রধানমন্ত্রীর নির্দেশনা