শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

বিশ্ব ডাক দিবস আজ,দেশজুড়ে ডাকসেবা সপ্তাহ

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১০-০৯ ১০:১২:০৯

সাশ্রয়ী ও আধুনিক ডাকসেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬। এ উপলক্ষে সারা দেশে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ডাক অধিদপ্তর। এবারের প্রতিপাদ্য-সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি।
বিশ্ব ডাক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ ও আগামীকাল ডাক বিভাগের সব পর্যায়ের কার্যালয়ে সাধারণ ডাকসেবা দেওয়া হচ্ছে। তবে এ সেবার আওতায় সঞ্চয় ব্যাংকের কার্যক্রম থাকছে না। পাশাপাশি ১৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পালিত হচ্ছে ডাকসেবা সপ্তাহ।
সপ্তাহটি উপলক্ষে কক্সবাজার সমুদ্রসৈকতে বিশেষ চিঠি উৎসবের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও থাকছে চিঠি উৎসব, ডাকটিকিট প্রদর্শনী ও ডাকসেবাবিষয়ক মেলা। আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত ডাক নেটওয়ার্ক কাজে লাগিয়ে দ্রুত এবং সাশ্রয়ী সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এসব আয়োজনের লক্ষ্য।
ডাক অধিদপ্তর জানিয়েছে,ঐতিহ্যবাহী ডাকসেবার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আধুনিক,প্রযুক্তিনির্ভর, দক্ষ ও জনবান্ধব পণ্য পরিবহন সেবায় রূপান্তরের উদ্যোগ চলছে। দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে ডাক ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতেও দিবসটি পালন করা হয়।
১৮৭৪ সালের ৯ অক্টোবর আন্তর্জাতিক ডাক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। দিনটির ঐতিহাসিক গুরুত্ব স্মরণে ১৯৬৯ সালে টোকিওতে অনুষ্ঠিত সংস্থাটির কংগ্রেসে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ব ডাক দিবস, ডাকসেবা সপ্তাহ, ডাক অধিদপ্তর


এ জাতীয় আরো খবর