তুমি চলে গেলে
চলে গেলে অনন্তকালের তেপান্তরের মাঠ পেরিয়ে,
নিঃশব্দ চরণে, ধূসর দিগন্তের ওপারে,
এখানে তৃণ নেই, ছায়া নেই, শুধু এক অন্তহীন নির্বাসন পড়ে আছে ।
তোমার প্রস্থান যেন সন্ধ্যার নিভন্ত প্রদীপের মতো,
আলো নিভে যায়, তবু ধোঁয়ার রেশটুকু রয়ে যায়,
যেন শ্রাবণের শেষ মেঘ,
সমস্ত বৃষ্টি ঢেলে দিয়ে নিঃস্ব আকাশে মিলিয়ে গেছে ।
হেমন্ত এসে ফিরে যায় সন্ন্যাসী ধ্যানে অসমাপ্ত প্রার্থনার মতো—
কুয়াশার ভোরে উঠোনে শুকনা পাতা পড়ে
ঝরে যাওয়া পাতার আড়ালে জমে থাকে অব্যক্ত বেদনা,
বাতাসে ভাসে এক না-বলা অভিমান
আমার নিঃশ্বাসে ফিরে আসে সেই চিরচেনা ঘ্রাণ
তুমি নেই, অথচ তোমার অনুপস্থিতি বসে আছে
আমার নির্জনতার পাশে, এক বিষণ্ণ ছায়াসঙ্গীর হয়ে।
বিরহ যেন নৌকাহীন যমুনার শূন্য ঘাট
আমি রোজ দাঁড়াই তার কিনারে
যেখানে পথের শেষে কোন ঠিকানা থাকে না।