সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল।
সড়ক নিরাপত্তায় অবদানের স্বীকৃতি হিসেবে ৭ ‘সড়ক যোদ্ধা’কে সম্মাননা প্রদান।
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার ২০২৬-২৮ মেয়াদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সড়ক যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়ার শহীদ স্মৃতি মহিলা কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবগঠিত ৩৯ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে খান মহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নাজমুল হোসেন বকুল দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া কমিটিতে সাতজন উপদেষ্টা ও নয়জন পৃষ্ঠপোষক রয়েছেন।
নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোল্যা মোশাররফ হোসেন মফিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিসচা খুলনা জেলা শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম এবং ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন, খর্ণিয়া হাইওয়ে পুলিশের প্রতিনিধি, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি, নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল কাইয়ুম জমাদ্দার ও কাজী আবদুল্লাহ, মাওলানা ভাসানী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আব্দুল হাই, আমেরিকা প্রবাসী সমাজসেবক সাইফুল মোড়ল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বদরুদ্দোজা বাবলু, কার্যকরী সদস্য এনায়েত হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা আফরোজ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু পুলিশের তৎপরতা যথেষ্ট নয়; সাধারণ মানুষের সচেতনতা ও ট্রাফিক আইন মেনে চলার মানসিকতাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তায় যে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে, তা প্রশংসনীয়।
আলোচনা সভা শেষে সড়ক শৃঙ্খলা রক্ষা, দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় মাঠপর্যায়ে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সাতজন ‘সড়ক যোদ্ধা’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন-নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন (বকুল), যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী (ভুট্টো), দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম (মুকুল), আইনবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ খান, প্রকাশনা সম্পাদক হুসাইন খান এবং সদস্য এম এ জলিল ও আব্দুর রহমান বেপারী।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোল্যা মনিরুল ইসলাম। এ ছাড়া প্রচার সম্পাদক আরিফুজ্জামান নয়ন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার নবগঠিত নির্বাহী কমিটির সদস্য, খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।