সড়কে নিরাপদ চলাচল ও ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগ আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপার, ফুটপাত ব্যবহারের গুরুত্ব এবং ট্রাফিক সংকেত অনুসরণের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি সড়ক পরিবহন আইন মেনে চলার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
কর্মসূচিতে গাড়িতে যাতায়াতের সময় নিরাপত্তাবন্ধনী ব্যবহার এবং মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে শিরস্ত্রাণ পরার বাধ্যবাধকতা সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তিনি বলেন, সড়ককে নিরাপদ রাখতে শুধু চালকদের সচেতন হলেই হবে না; শিক্ষার্থী, পথচারীসহ প্রত্যেক সড়ক ব্যবহারকারীকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে।
শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস তৈরি করার আহ্বান জানান তিনি। তার মতে, নিয়ম মেনে চলার এই অভ্যাস ভবিষ্যতে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান যাচাইয়ের জন্য কুইজ অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, শিক্ষার্থী