মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান রাষ্ট্রপতির

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১০-০৬ ১৫:৩২:৩৯
ছবি: সংগৃহীত।

সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বঙ্গভবনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি জানান।
সাক্ষাৎকালে অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিয়মিত বৃত্তি দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ধরে রাখার পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য সহায়তার এই কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে অধ্যাপক ফরাসউদ্দিন আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও নিবন্ধক উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষা, শিক্ষাবৃত্তি, ইস্ট ওয়েস্ট


এ জাতীয় আরো খবর