বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১০-০৭ ১৯:৩২:২৬
ছবি: সংগৃহীত।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্পও রয়েছে।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প।
মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।
সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
রামপালে সৌরবিদ্যুৎ কেন্দ্র
২ হাজার ৪৯৮ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে রামপালে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। বিদ্যুৎ বিভাগের প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
প্রকল্পের অর্থায়নের মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব তহবিল থেকে ৩৭৪ কোটি ৭১ লাখ টাকা এবং বিদ্যুৎ খাত উন্নয়ন তহবিল থেকে ২ হাজার ১২৩ কোটি ৩৭ লাখ টাকা দেওয়া হবে। তহবিলের ঋণের সুদের হার ২ শতাংশ। এক বছর অবকাশকালসহ ১৬ বছরে ঋণ পরিশোধ করতে হবে।
২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের মার্চের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।
রামপালের ব্লক-বিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা ৯১৮ দশমিক ৫০ একর জমিতে কেন্দ্রটি নির্মাণ করা হবে। আগে থেকেই জমিটি অধিগ্রহণ করা থাকায় নতুন করে জমি কেনার প্রয়োজন হবে না। ফলে প্রকল্প ব্যয়ও তুলনামূলক কম থাকবে।
কেন্দ্রটিতে উৎপাদিত বিদ্যুৎ রামপালের কাছাকাছি বিদ্যমান কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন অবকাঠামো ব্যবহার করে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এতে দ্রুত ও কম ব্যয়ে বিদ্যুৎ সঞ্চালনের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন।
প্রকল্পটির অন্যতম লক্ষ্য নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং কার্বন নিঃসরণ কমানো। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এটি সহায়ক হবে বলে মনে করছে পরিকল্পনা কমিশন।
অনুমোদন পেল আরও যেসব প্রকল্প
একনেক সভায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক ও নর্দমা ব্যবস্থার উন্নয়ন, রংপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন এবং গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর অঞ্চলে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ।
এ ছাড়া সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির প্রকল্প, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন জাহাজ ওঠানামার স্থাপনা নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধনী অনুমোদন পেয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণের আওতায় ৩০টি মিটারগেজ ডিজেল-বিদ্যুৎচালিত ইঞ্জিন সংগ্রহের প্রকল্পও অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া ফ্রান্সের প্যারিসে ক্রয় করা চ্যান্সারি ভবন সংস্কার ও আধুনিকায়ন, পঞ্চগড়ে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ এবং থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় জয়পুরহাট জেলার নন্দাহার, হারাবতী নদী, নুনগোলা খাল ও খাড়োয়া খাল পুনঃখননের ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়।

একনেক, রামপাল, সৌরবিদ্যুৎ


এ জাতীয় আরো খবর