সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ডুমুরিয়ায় নিসচা’র উদ্যোগে ঝুঁকিপূর্ণ সড়কের ঝোপঝাড় পরিষ্কার

  • খান মহিদুল ইসলাম,
  • ২০২৬-১০-০৫ ১৯:২৮:৪৬

ডুমুরিয়া প্রতিনিধি:
আগামী ২২ অক্টোবর জাতীয় সড়ক দিবস উদযাপন উপলক্ষে,সড়ক দুর্ঘটনা রোধ ও যান চলাচল নির্বিঘ্ন করতে খুলনার ডুমুরিয়ায় সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও ঝুঁকিপূর্ণ স্থানে ঝোপঝাড় ও গাছের ডালপালা পরিষ্কার করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখা।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে ডুমুরিয়া-শরাফপুর ফিডার রোডের বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ স্থানে সড়কের পাশে বেড়ে ওঠা ঝোপঝাড় এবং গাছের ডালপালা পরিষ্কার করা হয়। এতে সড়কের বাঁক ও আশপাশের দৃশ্যমানতা বৃদ্ধি পাওয়ায় চালকদের জন্য সড়কটি আরও নিরাপদ ও চলাচল উপযোগী হয়েছে।
নিসচা নেতৃবৃন্দ জানান, সড়কের পাশে অতিরিক্ত ঝোপঝাড় ও গাছের ডালপালার কারণে অনেক সময় চালকদের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হয়। বিশেষ করে বাঁক ও গুরুত্বপূর্ণ মোড়ে এ ধরনের প্রতিবন্ধকতা দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। তাই জনদুর্ভোগ কমানো এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্যা মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারী, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক এম এ জলিল, কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান রাসেল, জুয়েল বিশ্বাস, আলিমুল, বাবু, উজ্জ্বল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর