শনিবার, আগস্ট ১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পিকআপ বোঝাই ১৯ বস্তা চায়না দুয়ারী জালসহ গ্রেপ্তার ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-৩০ ২৩:২৯:১৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলায়  অভিযান চালিয়ে একটি পিকআপ বোঝাই ১৯ বস্তা  নিষিদ্ধ চায়না দুয়ারী জালসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন জেলার নাচোল উপজেলার আজইল গ্রামের বজলুর রহমানের ছেলে ও পিকআপ চালক মো.নাইম (২৬) এবং জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরের মো. মাইনুল ইসলামের ছেলে মো. ফিরোজ(২৫)।
পুলিশ জানায়,গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে (৩০ জুলাই,বৃহস্পতিবার) গোপন খবরের ভিত্তিতে পদ্মা নদী তীরবর্তী শাহজাহানপুর ইউনিয়নের নতুন ব্রীজের উপর অভিযান চালানো হয়। অভিযানে পিকাআপ বোঝাই ১৯  বস্তা চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, প্রতিটি বস্তায় ৮টি করে প্যাকেট রয়েছে। প্রতিটি প্যাকেটে ৬০ ফুট করে জাল রয়েছে।  ১৯ বস্তায়  প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা মূল্যের  ৯ হাজার ৪৮০ ফুট  দৈর্ঘ্যর ১৫৮ পিস জাল পাওয়া গেছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, জালগুলো ঢাকা থেকে শাহজাহানপুর আনা হচ্ছিল। এ ঘটনায় থানায়  মৎস আইনে মামলা হয়েছে। আসামীদের বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। 


এ জাতীয় আরো খবর