রবিবার, আগস্ট ২, ২০২৬

মশিয়ালিতে মিথ্যা অপপ্রচার ও হয়রানিমূলক ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৮-০১ ০০:০৪:০৯

খুলনার খানজাহান আলী থানাধীন মশিয়ালী এলাকার মো. রেজাউল করিম তার এবং তার পরিবারের বিরুদ্ধে ভাইদের করা মিথ্যা অপপ্রচার, হয়রানি ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।৩১ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলে ধরেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও আইনি সহায়তা দাবি করেন।
লিখিত বক্তব্যে মো. রেজাউল করিম জানান, গত ৩০/০৬/২০২৬ তারিখে তার কিছু ভাই তার বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করেছিলেন, যার সাথে তাঁর বা তাঁর পরিবারের বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই। তাঁদের পরিবারে মোট ৬ ভাই ও ৩ বোন রয়েছেন। এর মধ্যে বড় ভাই মো. মুনছুর রহমান এবং অপর ভাই নূরুজ্জামান মারা গেছেন। নূরুজ্জামানের চিকিৎসাসেবা ও যাবতীয় খরচ রেজাউল করিম ও তাঁর পরিবার বহন করেছিলেন। মৃত্যুর পূর্বে নূরুজ্জামান তাঁর ভোগদুক্ত সম্পত্তির কিছু অংশ দানপত্র ও মৌখিক ইচ্ছার মাধ্যমে তাঁকে দিয়ে যান। সেই সূত্রে তিনি সেখানে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন এবং পরবর্তীতে নিজ উদ্যোগে ভবন নির্মাণ করেন।
অভিযোগে আরও বলা হয়, ভাইয়ের মৃত্যুর পর অন্য ভাইয়েরা জোরপূর্বক তাঁর ঘরের চাবি কেড়ে নেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় তিনি খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে চাবি উদ্ধার করে বসবাস শুরু করলেও প্রতিপক্ষ বারবার বাধা সৃষ্টি করে। স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও প্রতিপক্ষ তা অমান্য করে নানা টালবাহানা শুরু করে।
সর্বশেষ গত ১১/০৭/২০২৬ তারিখে প্রতিপক্ষরা তাঁর বাড়িতে বাঁশ ও চাটাই দিয়ে ঘেরাও করে এবং ঘরের দরজায় তালা মেরে দেয়। এ সময় তাঁর স্ত্রী ও মিস্ত্রিরা কাজে গেলে তাদের বাধা দেওয়া হয়, লাঞ্ছিত করা হয় এবং গালিগালাজ করা হয়। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর পুনরায় থানায় জিডি করা হলে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বসার উদ্যোগ নেয়। কিন্তু প্রতিপক্ষ সেই সমঝোতা না মেনে গত ২৭/০৭/২০২৬ তারিখে দুপুরের দিকে লোক এনে তাঁর বসতবাড়ি ভাঙচুর ও দখলের চেষ্টা চালায় এবং তাকে মিথ্যা মামলা ও অসত্য তথ্যে ফাঁসানোর ষড়যন্ত্র করে।
সংবাদ সম্মেলনে মো. রেজাউল করিম প্রশাসনের উচ্চপর্যায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, তিনি যেন এই মিথ্যা অপপ্রচার, হয়রানি ও ষড়যন্ত্র থেকে মুক্তি পান এবং আইনের আশ্রয় লাভ করতে পারেন।

 


এ জাতীয় আরো খবর