দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর একতরফা শাস্তিমূলক ব্যবস্থা, একাডেমিক ও প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিতকরণ এবং মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার
প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় হলো স্বাধীন চিন্তা, গবেষণা ও মতপ্রকাশের পীঠস্থান। কোনো শিক্ষকের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া ছাড়াই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা বিশ্ববিদ্যালয়ের স্বয়ংশাসিত চরিত্র, শিক্ষার মর্যাদা এবং মানবাধিকারের পরিপন্থী। এ ধরনের নিপীড়ন শিক্ষকদের মানসিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে তোলে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মুক্ত বুদ্ধিবৃত্তিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। বাকবিশিস কেন্দ্রীয় কমিটি মনে করে, রাজনৈতিক বা প্রশাসনিক পরিবর্তনের নামে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি, ভয় দেখানো বা সুবিধা বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষা করা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা জাতীয় দায়িত্ব। বাকবিশিস নেতারা জোরালোভাবে দাবি জানান, যে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের বিরুদ্ধে চলমান সকল একতরফা ও অন্যায় শাস্তিমূলক ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহার করা হোক, শিক্ষকদের একাডেমিক ও প্রশাসনিক অধিকার পূর্ণভাবে নিশ্চিত করা হোক, কোনো অভিযোগ থাকলে স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হোক এবং বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্ত বুদ্ধিচর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। বাকবিশিস নেতারা সারাদেশের শিক্ষক সমাজের পক্ষ থেকে এই নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং শিক্ষার অনুকূল পরিবেশ পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি করেন।