রবিবার, আগস্ট ২, ২০২৬

ভূমিকম্প প্রস্তুতিতে সরকারের বড় উদ্যোগ:হচ্ছে জাতীয় টাস্কফোর্স,প্রস্তুত থাকবে ১ লাখ স্বেচ্ছাসেবক

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৭-৩০ ১০:৩৩:৪৯
ছবি: সংগৃহীত।

দেশে সম্ভাব্য ভূমিকম্প মোকাবিলায় জাতীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া, উদ্ধার কার্যক্রম এবং সরকারের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
সভায় জানানো হয়, ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্পের পর জরুরি সহায়তা নিশ্চিত করতে এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হবে। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের তথ্যভান্ডার তৈরি হয়েছে। বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবকও দ্রুত অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি ও সমন্বয়ের জন্য একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্ভাব্য দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার কৌশল নিয়েও আলোচনা হয়। এছাড়া রাজধানী ঢাকায় জরুরি ত্রাণ ও সহায়তা দ্রুত বিতরণের সুবিধার্থে মানবিক সহায়তা সংরক্ষণ ও বিতরণকেন্দ্র (এইচএসএ) স্থাপনের বিষয়টিও সভায় গুরুত্ব পায়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমিকম্প, স্বেচ্ছাসেবক, দুর্যোগ প্রস্তুতি


এ জাতীয় আরো খবর