শনিবার, আগস্ট ১, ২০২৬

প্রতিবন্ধী তিনজনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৭-৩০ ১১:২২:৩৫
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার উদ্যোগের অংশ হিসেবে তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে নিয়োগপত্র দিয়ে তিনি দিনের কর্মসূচি শুরু করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সমাজের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতেই এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র গ্রহণের পর নতুন কর্মজীবন শুরু করার সুযোগ পেয়ে তিনজনই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার,সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।
জন্মগতভাবে দুই হাত না থাকলেও নীলা খাতুন পা দিয়ে লেখালেখি করে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাঁকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
একইভাবে দুই হাতবিহীন আয়শা আক্তারও পা দিয়ে লিখে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নিয়োগপত্র গ্রহণের সময় তিনি মুখ দিয়ে সেটি গ্রহণ করেন। তাঁকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র বিতরণ শেষে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিবন্ধী, নিয়োগপত্র, কর্মসংস্থান


এ জাতীয় আরো খবর