ছেলে তার মস্ত বড়ো অফিসার
মায়ের চোখে অহংকারের দীপ্ত হাসি।
সুশিক্ষিত ছেলে মা-বাবার কঠোর শ্রমের ফসল।
বাবা যখন পৃথিবী ছেড়ে চলে যান--
ছেলে দুটোকে কাছে ডেকে বলেছিলেন --
কখনো মাকে অবহেলা করো না,
মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হয় না,
কথা যেন কথার কথা, মায়ের গর্ব ধূলিসাৎ
মা ভাবে ছেলেরা শিক্ষিত হলেও প্রকৃত শিক্ষা পায়নি।
মস্ত বড়ো অফিসার হয়েছে বটে কিন্তু মানুষ হয়নি,
এরা দেশ জাতি ও সমাজকে কী দেবে?
যে মাকে নিয়ে গর্ব করা উচিত তার পরিচয় কাজের বুয়া,
পৃথিবীতে সব কাজের সময় দেওয়া যায়
সময় হয় না শুধু বৃদ্ধ মা-বাবার জন্য,
অথচ কতদিন কেটেছে অনাহারে,অনিদ্রায় যে হিসেব মা কখনো করেনি।
আজ তার সাথে এক দণ্ড কথা বলার সময় হয় না,
ছেলে যে তার মস্ত বড়ো অফিসার।