চিত্রনায়ক ও খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করেছেন তার খালাতো ভাই ও এ. ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।
আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী আজিজুর রহমান টাইগারের ব্যবসায়িক সাফল্য, সামাজিক পরিচিতি ও সুনামকে কেন্দ্র করে ঈর্ষান্বিত হয়ে ডিপজল তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করেছেন।
অভিযোগ অনুযায়ী, গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে দাবি করা হয়, টাইগারের নির্দেশে কয়েকজন ব্যক্তি একটি ভাড়া দেওয়া সিএনজি স্টেশনের সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে লাগানোর চেষ্টা করেন এবং জমির মালিকানা দাবি করে ভাড়া চেয়ে বসেন। তবে ওই জিডির তদন্তে টাইগারের সম্পৃক্ততার কোনো প্রমাণ পায়নি পুলিশ।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পরদিন ডিপজল তার ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে একটি পোস্ট দেন, যা বাদীর সম্মান ও সুনাম ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ করা হয়েছে।
তবে মামলায় উত্থাপিত অভিযোগের বিষয়ে ডিপজল বা অপর আসামিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ডিপজল, মানহানি, আদালত