রবিবার, জুন ১৪, ২০২৬

এভারেস্টচূড়ায় বাংলাদেশের পতাকা,ইতিহাস গড়লেন নুরুন্নাহার নিম্নি

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৫-২৭ ১৫:৩৩:১৮

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে নতুন ইতিহাস গড়লেন নুরুন্নাহার নিম্নি। দীর্ঘ প্রস্তুতি, প্রতিকূল আবহাওয়া ও মৃত্যুঝুঁকি পেরিয়ে বুধবার ভোরে বিশ্বের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয়ের গৌরব অর্জন করেন তিনি।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব জানিয়েছে, নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় ওঠেন নিম্নি। প্রায় দেড় দশক পর আবারও কোনো বাংলাদেশি নারীর হাতে উড়ল বাংলাদেশের পতাকা। এর আগে ২০১২ সালে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন এই সাফল্য অর্জন করেছিলেন।
তবে নিম্নির এই পথ মোটেও সহজ ছিল না। চলতি বছরের এপ্রিল মাসে নেপালের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। কয়েক ধাপের কঠিন অভিযোজন শেষে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। সেখানে দীর্ঘ সময় ধরে উচ্চতাজনিত প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেন।
মে মাসে শুরু হয় মূল অভিযান। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এক পর্যায়ে ক্যাম্প-৩ থেকে ফিরে আসতে বাধ্য হন তিনি। অনেকের জন্য যেখানে এমন পরিস্থিতি স্বপ্নভঙ্গের কারণ হয়, সেখানে নুরুন্নাহার নিম্নি ধৈর্য হারাননি। কয়েকদিন অপেক্ষার পর অনুকূল আবহাওয়া ফিরে এলে আবারও শুরু করেন চূড়ান্ত আরোহণ। শেষ পর্যন্ত বুধবার ভোরে পৌঁছে যান পৃথিবীর সর্বোচ্চ শিখরে।
রংপুরে বেড়ে ওঠা নিম্নির পাহাড়প্রেমের শুরু বিশ্ববিদ্যালয়জীবনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পাহাড়ি অঞ্চলে শিক্ষাসফরে গিয়ে পর্বতের প্রতি গভীর আগ্রহ তৈরি হয় তার। পরে ধীরে ধীরে ট্রেকিং থেকে পেশাদার পর্বতারোহণে যুক্ত হন।
২০২০ সালে এভারেস্ট বেজক্যাম্প ট্রেক করার অভিজ্ঞতা তার স্বপ্নকে আরও দৃঢ় করে। সেই লক্ষ্য পূরণে তিনি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নেন এবং নিজেকে প্রস্তুত করেন বিশ্বের সবচেয়ে কঠিন অভিযানের জন্য।
নুরুন্নাহার নিম্নির এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের নারী সাহস, আত্মবিশ্বাস ও অদম্য মানসিক শক্তিরও প্রতীক হয়ে উঠেছে। তার এ বিজয় নতুন প্রজন্মের স্বপ্নবাজ তরুণদের সামনে তৈরি করল অনুপ্রেরণার নতুন দিগন্ত।

কী-ওয়ার্ডস: এভারেস্ট,নিম্নি,পর্বতারোহী


এ জাতীয় আরো খবর