সোমবার, জুলাই ২৭, ২০২৬

মো বা র ক হো সে ন

  • আমি কবি হই
  • ২০২৬-০১-২৩ ১৯:৩৬:৪৯

ষাটোর্ধ্ব বয়সেও দেখি অনন্ত প্রেম-
ভালোবাসার নিমগ্ন উঠোনে মায়াবী দোয়েল।
অনাবিল প্রান্তর জুড়ে সুন্দরের খেলা ডানা মেলে
ফুটিয়ে তোলে ফুল ; গোলাপ, গাদা, পারুল,
আমার মনভ্রমর করে গুনগুন।
আমার বিহঙ্গ-মন কেবলই যেতে চাই মহুয়ার বনে
পাখিদের দ্বৈত উন্মীলন যেখানে ঈশারায় টানে
সোহাগমাখা হয় দুটি চোখ।
ওই যে নদীর মিলন মোহনায় মিশে থাকা
মহামিলনের সুর লুটেপুটে নেয় আমাকে,
আমার সত্তাকে, তারই অন্তহীন গভীরতায়
আমি ডুবে মরি।
আকাশের বাকাচাঁদ আর মেঘের লুকোচুরি
বাণ হয়ে হানে আমার নয়নে,বোঝাতে চায় মানে,
কী এক রুপালি দৃশ্যপট পারাবত হয়ে
উড়ে উড়ে ফেরে হাজারও কথকতায়
হাজারও স্বপ্ন পেলবতায় মনের গহীনে।
আমি কথার ফুলঝুরি সাজাই আর
প্রেম-সৌন্দর্যের ছবি আঁকি
তারুণ্যের তা'রিফে বক্ষ মেলি;
আমি কখন যেন সবুজ প্রান্তর হই
আকাশ ও নদী হই, পাখি ও ফুল হই
আমি সবুজে শ্যামলে ঘেরা
বসন্ত ভরা নিকুঞ্জ হই।
আমি রসিয়া প্রেমিক হই,
মহাকালের অসীমতায় নির্বিঘ্ন স্বপ্ন দেখি
শাশ্বত সুরের আহ্বানে বাঁশি বাজাই
আমি সুন্দরের আরাধনায় সৌন্দর্য সাজাই,
অবশেষে আমি কবি হই,
আমি কবি হই।


এ জাতীয় আরো খবর