ছুটছে অটো ছুটছে টোটো
ছুটছে বাইক দিচ্ছে রেস
কে কার আগে যাবে লক্ষ্যে,
পথটা আগে কার হয় শেষ।
হঠাৎ যদি পথের মাঝে
আসে কোনো অন্ধ খোঁড়া,
বুঝতে হবে তার দিন শেষ
নেহাতই সে কপাল পোড়া
পিষে দিয়ে চ'লে যাবে
তাকাবারও নেই অবকাশ,
প্রতিযোগিতার এ রাজপথে
প্রতিদিনই কত সর্বনাশ
ঘ'টে চলছে অবলীলায়
কারও কিছু যায়না তাতে,
দুর্ঘটনায় মৃত্যু এখন
হ'য়ে গেছে জলে-ভাতে।
"এইরে ওটা এগিয়ে গেলো,
যেতেই হবে ওটার আগে,
স্পীড বাড়ালাম আশি-নব্বই
দ্যাখ রে এবার কেমন লাগে"।
উল্টোদিকের গাড়ি হঠাৎই
এসে গেলো সামনে যে তার
এক নিমেষেই হ'লো সব শেষ
চোখের স্বপ্ন সব চুরমার।
পরিবারটা ভেসেই যাবে
আয়ের মানুষ হারিয়ে গেলো,
ট্রাফিক দাদা অনেক হ'লো
এবার একটু চক্ষু মেলো।
বাঁ-হাতে আর ঘুষ না নিয়ে
ডান হাতটা লম্বা করো,
আইন না মেনে চলছে যারা
তাদের কলার চেপে ধরো।
তোমরা একটু সজাগ হ'লেই
ক'মে যাবে মৃত্যু-হার
অকালে প্রাণ যাবেনা তবে
নিঃস্ব হবেনা কোনও পরিবার।