যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ফ্যাসিস্ট সরকারের পতনে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে এ নৈশভোজের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠেয় এ আয়োজনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিতদের কাছে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পর এবারই প্রথম যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
নৈশভোজ, যুগপৎ, তারেক