জাতীয় উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনতে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আটটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে সড়ক যোগাযোগ, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, দুর্যোগ মোকাবিলা এবং জ্বালানি অনুসন্ধান খাতে বিনিয়োগ আরও জোরদার হবে।
আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনা সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে আসবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ প্রকল্পের প্রথম সংশোধন, বৃহত্তর দিনাজপুর সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা-আশুলিয়া উড়াল মহাসড়ক নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধন অনুমোদন পেয়েছে।
জ্বালানি নিরাপত্তা জোরদারে বেগমগঞ্জ-৫ মূল্যায়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খনন প্রকল্পও অনুমোদিত হয়েছে।
স্বাস্থ্য খাতে মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বিদ্যমান কিডনি ডায়ালাইসিস কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত করা এবং জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার ডায়ালাইসিস কেন্দ্র স্থাপনের সংশোধিত প্রকল্পেও অনুমোদন দিয়েছে একনেক।
সভায় আরও জানানো হয়, পরিকল্পনামন্ত্রীর ক্ষমতাবলে এরই মধ্যে ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপন, বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন, বিভিন্ন মহাসড়ক উন্নয়ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ, পূর্বাঞ্চলীয় গ্রিড উন্নয়ন এবং দেশের বিভিন্ন জেলায় বিটাক কেন্দ্র স্থাপনসহ একাধিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
একনেক সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একনেক, উন্নয়ন, প্রকল্প