ঝরছে শ্রাবণ আকুল ধারায়, আকাশ ভাঙা কান্নাতে,
হৃদয় বীণায় বাজছে আজো বিষাদ-ভরা তানটাতে।
যে আলোতে কাটিয়েছ ভুবনেরই অন্ধকার,
সে আলো আজ লুকিয়ে গেল, রইল শুধু হাহাকার।
তুমি কবি, তুমিই তো গান, তুমিই ছিলে চেতনা,
তোমারি সুর জড়িয়ে আছে ঘুচিয়ে সব বেদনা।
রবির আলো নিভেছে আজ, আঁধার কালো রাত নামে,
শ্রাবণ মেঘের আকুল ধারা কাঁদছে তোমার প্রণামে।
তোমার ভাষা তোমার গীতি আমাদের পথ ভোলা,
ক্লান্ত ক্ষণে তোমার বাণী হৃদয়েতে দেয় দোলা।
সুখে বা দুখে তোমার চরণ জড়িয়ে রাখি এ বুকে,
আছ তুমি আশার আলো সকাল-সাঁঝের সম্মুখে।
লেখনী আজ নীরব বড়, ছন্দ হারা এ ভুবন,
তোমার স্মৃতি আঁকড়ে ধরে কাঁদছে ব্যাকুল অনুক্ষণ।
বাইশে শ্রাবণ বিদায় বেলায় চোখ ফেটে যায় অশ্রুতে,
তুমি আছ অমর হয়ে বাঙালির এই বিশ্বতে।
যদিও তুমি গিয়েছ চলে ছেড়ে মাটির এই ধরা,
তোমার সৃষ্টি থাকবে অমর মনোমন্দির জোড়া।
শত শ্রাবণ আসবে যাবে স্মৃতির পাতা উল্টাতে,
তুমি রবে চিরদিনের আলোকশিখা মনটাতে।