জীবনের গল্পগুলো ,বড্ড জটিল আঁকাবাঁকা
স্বপ্ন দিয়ে শুরু হলো, ঝাপসা চোখে বিষাদ মাখা।
জন্মলগ্নে সবার গল্পে, ভৈরবী সুর বেজে চলে,
বড় হওয়ার তালে তালে, বেহাগ বাঁশি সুর যে তোলে।
সময় নদীর জোয়ার ভাটায়, গল্পগুলো খেই হারায়
মহাকালের হিসেব খাতায়, গল্পগুলো অশ্রু ঝরায়।
সবুজ মনের অবুঝ স্বপন, কাঁচা মিঠে মনটা পোড়ে,
দায়-দায়িত্ব শুধুই যাপন, ফাগুন বেলার ছায়া সরে।
সময় যদি গল্প বানায়, আমরা থাকি নির্বিকার
পূর্ণ জীবন কানায় কানায়, ভাঙলো যারা বিভেদ প্রাকার।
গল্প যারা নিজে বানায়, ইতিহাস সাক্ষী থাকে,
সময় তখন থমকে দাঁড়ায়, ভবিষ্যৎ আগলে রাখে।
জীবন নদীর পাড় যে ভাঙে, বৃদ্ধ বেলার করুণ গানে,
ঝড়-বৃষ্টি প্লাবন বানে, শুকনো চরে জোয়ার আনে।
ঋতুচক্র জীবন চক্র, এক বলয়ের পূর্ণ ছবি,
হয়তো জীবন শুধুই বক্র, লক্ষ্য থাকুক পূর্ণ রবি।