বুধবার, আগস্ট ১২, ২০২৬

পরবর্তী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৭-২৬ ২১:৩১:৩০
ছবি: সংগৃহীত।

আগামী ফুটবল বিশ্বকাপে শুধু দর্শকদের জন্য বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং সম্প্রচারকে লাভজনক উদ্যোগে পরিণত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বিজ্ঞাপন বাজারকে কার্যকরভাবে কাজে লাগিয়ে উল্লেখযোগ্য রাজস্ব অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপ ২০২৬ সরকারি কোষাগার থেকে কোনো অর্থ ব্যয় না করেই সফলভাবে সম্প্রচার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, আগামী বিশ্বকাপে লক্ষ্য আরও বড়—বিনা খরচে সম্প্রচারের পাশাপাশি বিজ্ঞাপন থেকে উল্লেখযোগ্য আয় নিশ্চিত করে এটিকে একটি লাভজনক উদ্যোগে রূপ দেওয়া।
জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নির্দেশনা ও বিকল্প পরিকল্পনার কারণেই দেশের কোটি ফুটবলপ্রেমী কোনো অতিরিক্ত সরকারি ব্যয় ছাড়াই বিশ্বকাপ উপভোগের সুযোগ পেয়েছেন। সরকারের কৃচ্ছ্রসাধনের নীতির সঙ্গে সমন্বয় রেখেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর প্রতি আনুষ্ঠানিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদপত্র তুলে দেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সম্ভাবনাময় একটি অর্থনৈতিক ও পেশাগত খাতে পরিণত করতে সরকার কাজ করছে। তিনি মনে করেন, তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে সুস্থ সমাজ গঠনের পাশাপাশি দক্ষ মানবসম্পদও তৈরি হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং সেই ধারা অব্যাহত রাখতে সম্প্রচার ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বিশ্বকাপ, সম্প্রচার, বিজ্ঞাপন


এ জাতীয় আরো খবর