দাও প্রভু দাও খুলে সকল দুয়ার
ঘুচিয়ে দাও মনের যত অন্ধকার
দাও শক্তি দাও প্রেম ভক্তি
দূর হোক যত আত্ম অহংকার।
ধন,মান, যশ-খ্যাতি সবই ক্ষণস্থায়ী
অকারণে কেন বলি আমি আমি,
মোহের জালে পড়েছি ফাঁসি
মায়ার বাঁধন খুলে দাও হে অন্তর্যামী।
দিন শেষে ঘনিয়ে এলো আঁধার
ধূলায় ধুসর মনের আঙিনা,
কখন যেন যেতে হবে হাতে নেই কড়ি
কাঁদে মন কেমনি হবো পার ভবের তরী।
কথা দিয়ে কথা রাখিনি লোভ লালসায়
গায়ের জোরে করেছি শুধু আমার আমার,
ঘুম ভেঙে দেখি আজ সব জঞ্জাল
কেউ কারো নয় বৃথা এ জগৎ সংসার ।
জীবন ভর গড়েছি সম্পদের পাহাড়
কখনো ডাকিনি প্রভু তোমার,
সব রইলো পড়ে বড়ো অসহায় আজ
দয়া করে প্রভু করো তুমি পার।