রবিবার, অক্টোবর ৪, ২০২৬

তায়কোয়ানডোতে সাতক্ষীরার ৪ খেলোয়াড়ের ৪ পদক অর্জন

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-১০-০৪ ১৬:৪৬:১৯

সাতক্ষীরা: তায়কোয়ানডো অঙ্গনে সাতক্ষীরার জন্য গৌরব বয়ে এনেছে সাতক্ষীরা নবজীবন তায়কোয়ানডো ক্লাব। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ওপেন ক্লাব কাপ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অংশ নিয়ে ক্লাবটির চারজন খেলোয়াড়ই পদক অর্জন করেছেন। তাদের অসাধারণ সাফল্যে অর্জিত হয়েছে ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি তাম্রপদক।
গত ২ ও ৩ অক্টোবর ২০২৬ রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। দেশের বিভিন্ন ক্লাবের প্রতিভাবান তায়কোয়ানডো খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ চ্যাম্পিয়নশিপে সাতক্ষীরা নবজীবন তায়কোয়ানডো ক্লাবের চারজন খেলোয়াড় অংশ নেন এবং প্রত্যেকেই পদক জয়ের কৃতিত্ব অর্জন করেন।
পদকজয়ী খেলোয়াড়দের মধ্যে শুভজিৎ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে স্বর্ণপদক অর্জন করেন। জিহান ও সামি লাভ করেন রৌপ্যপদক। আর আফ্রিদী অর্জন করেন তাম্রপদক।চারজন খেলোয়াড়ের চারটি পদক অর্জনের এ সাফল্য সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। খেলোয়াড়দের এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা, আত্মনিবেদন এবং প্রশিক্ষকদের নিবিড় দিকনির্দেশনা।
সাতক্ষীরা নবজীবন ইনস্টিটিউটের পৃষ্ঠপোষকতায় এবং সাতক্ষীরা জেলা তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক শেখ মুস্তাসিম বিল্লাহর নেতৃত্বে খেলোয়াড়রা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। প্রশিক্ষণের পাশাপাশি খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেও গুরুত্ব দেওয়া হয়।
ক্লাবের এ সাফল্যে সাতক্ষীরা নবজীবন ইনস্টিটিউট ও সাতক্ষীরা নবজীবন তায়কোয়ানডো ক্লাবের পক্ষ থেকে পদকজয়ী সকল খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।  তাদের সাফল্যের ধারাবাহিকতায় সাতক্ষীরা তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও গৌরবময় অধ্যায় রচিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


এ জাতীয় আরো খবর