নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার ভোর চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে ঘটনাস্থল থেকে এক শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে নাটোর জেনারেল হাসপাতালে দুজন এবং বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে তিনজন মারা যান। এ নিয়ে দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।
বনপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাবনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ নয়জন প্রাণ হারান। নিহতদের মধ্যে আটজন বাসের যাত্রী ও ট্রাকের চালক রয়েছেন।
নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আখতার হামিদ খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। তারা বাসের অন্তত ৩০ জন আহত যাত্রীকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
নাটোর দুর্ঘটনা, বাস-ট্রাক সংঘর্ষ, সড়ক দুর্ঘটনায় নিহত