মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • চলে গেছে যে মানুষ
  • ২০২৫-০৬-১৪ ১৫:২৮:০৮

চলে গেছে যে মানুষ, রেখে গেছে সেই চেনা মুখ
চলে গেছে নীরবেই, জানে নাই কী গিয়েছে ফেলে,
কত স্মৃতি কত কথা – সবই হিজল স্বপ্ন সুখ !
ভাবনার নীরবতা মনে মূঢ় শব্দ যায় খেলে।
চলে গেছে স্বপ্নপাখি, ডানায় নির্ব্যাজ রৌদ্রছোঁয়া
আজও তো জেগে থাকি, চোখে বইছে অদম্য ধারা,
ঝরে গেছে পুষ্প যেন, বিবর্ণ বিরস অগ্নি-ধোঁয়া
কত প্রেম ছিল মনে, সবই অলক্ষ্যে হলো হারা।
চলে গেছে মুগ্ধ বাঁশি, ফেলে রেখে তার মৌন তান
ভালোবাসা ছিল কবে, দারুণ ছিল নির্মোঘ ছল,
চলে গেছে চিরতরে, তবু থাকে রেশ অনির্বাণ।
মেঘের ভেতরে চিঠি, ভিজিয়েছে মেঘের কাজল।
চলে গেছে ! যাক চলে, আসবে কি আর কভু ফিরে ?
শুধু থেকে যায় স্মৃতি, কিছু কষ্ট কেঁদে যায় ধীরে।


এ জাতীয় আরো খবর