শনিবার, মে ৩০, ২০২৬

ইরানের আড়ালের অস্ত্রভাণ্ডার: সেনাপ্রধানের বক্তব্যে বিশ্বজুড়ে চাঞ্চল্য

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৪-২০ ১৩:১৮:০৬
ছবি সংগৃহিত

‘অতিগোপন এআই অস্ত্র’ নিয়ে প্রস্তুত ইরান! হেইদারির হুঁশিয়ারি বিশ্ব শক্তির প্রতি বার্তা?
মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন চুপচাপ বসে নেই ইরান। দেশটির স্থলবাহিনী নাকি এমন সব ‘অতিগোপন ও কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত অস্ত্র’ ধারণ করে, যেগুলো এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি—এমনটাই দাবি করেছেন ইরানের স্থলবাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমারস হেইদারি।

‘জনসম্মুখে নয়, তবে যুদ্ধের জন্য প্রস্তুত’
শনিবার (১৯ এপ্রিল) আল-আলম চ্যানেলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হেইদারি জানান—
“আমাদের হাতে এমন কিছু অস্ত্র রয়েছে, যা গোপন নয়, বরং অতিগোপন। এবং সেগুলোর অনেকই এআই প্রযুক্তি দ্বারা পরিচালিত। কৌশলগত কারণে এগুলো এখনও প্রকাশ করা হয়নি, তবে সবগুলোই সম্পূর্ণ কার্যকর এবং প্রস্তুত।”

ইরান সেনাবাহিনী: যুদ্ধবদলের পর এক আধুনিক রূপ
ইরান-ইরাক যুদ্ধ-পরবর্তী সময়ে ইরানের স্থলবাহিনীর গঠনে এসেছে আমূল পরিবর্তন।
হেইদারির ভাষায়, “আজকের ইরানি সেনা ইউনিটগুলো উচ্চ গতিসম্পন্ন, অভিযানে দক্ষ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত।”
তিনি জানান, দেশের সীমান্ত সুরক্ষায় সর্বাধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যেখানে ১০টি শক্তিশালী ডিভিশন স্থায়ীভাবে মোতায়েন রয়েছে।

সাইবার যুদ্ধেও প্রস্তুত ইরান
শুধু স্থল বা আকাশ নয়, হেইদারি জানান ইরান এখন সাইবার যুদ্ধেও সক্ষমতা অর্জন করেছে।
“বিশেষায়িত সাইবার ইউনিট গঠন করা হয়েছে, যেগুলো সর্বোচ্চ প্রযুক্তিতে সজ্জিত ও সর্বদা প্রস্তুত।”

আইআরজিসি-সেনাবাহিনীর মধ্যে সমন্বয়ের বার্তা
জেনারেল হেইদারি জানান, ইরান সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) মধ্যে স্থল, সমুদ্র ও আকাশ—সব ক্ষেত্রেই রয়েছে ঘনিষ্ঠ সমন্বয় ও যুগপৎ প্রস্তুতি।

প্রেসিডেন্টের প্রশংসা: ‘আঞ্চলিক নিরবিচল শক্তি’
সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সেনাবাহিনীকে আঞ্চলিক স্থিতিশীলতার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন—
“ইরানের সামরিক কাঠামো ও প্রস্তুতি আজ অন্যান্য দেশের জন্যও এক অনুকরণীয় মডেল।”


এ জাতীয় আরো খবর