শনিবার (১৭ আগস্ট) থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় ৩১ বছর বয়সী শিক্ষানবিশ এক চিকিৎসককে ধর্ষণের পর নৃশংস হত্যার প্রতিবাদে সারা দেশে ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন চিকিৎসকরা। খবর এনডিটিভির।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ ওই ঘটনার এক সপ্তাহ পরে আক সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য জরুরী স্বাস্থ্য পরিষেবা বাদে সব চিকিৎসা সেবা বন্ধ রাখার কর্মসূচি পালন করছে।
আইএমএ এক বিবৃতিতে বলেছে, সমস্ত জরুরি পরিষেবা চালু থাকবে এবং হতাহতের চিকিৎসার ব্যবস্থা করা হবে। রুটিন কাজে বহিরাগত রোগী বিভাগ (ওপিডি) বন্ধ থাকবে এবং ঐচ্ছিক অস্ত্রোপচারগুলো করা হবে না।
চিকিৎসকদের শীর্ষ সংগঠনটি জানিয়েছে, সব ক্ষেত্রেই এই কর্মসূচি পালিত হবে, তবে মডার্ন মেডিসিনের চিকিৎসকরা সেবা দেবেন।
৩১ বছর বয়সী ওই শিক্ষানবিস চিকিৎসককে গত সপ্তাহে তার কর্মস্থল কলকাতার মেডিকেল কলেজটিতে ধর্ষণ ও খুন করা হয়। এরপরই দেশব্যাপী প্রতিবাদ শুরু করেন চিকিৎসকরা।
নারীর প্রতি সহিংসতার ক্রমবর্ধমান ধারাকে রোধ করতে কঠোর আইন প্রয়োগের ব্যর্থতার জন্য ভারতজুড়ে ডাক্তার এবং নারী অধিকার সংগঠনগুলো জোরালো বিক্ষোভ কর্মসূচি পালন করছে।