রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

নাইজেরিয়ায় হেফাজতে ৩৭ তরুণের মৃত্যু,স্বাধীন তদন্ত কমিশন গঠন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৯-২০ ১২:০১:০৬
ছবি: সংগৃহীত।

নাইজেরিয়ায় আধাসামরিক বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর হেফাজতে ৩৭ তরুণের মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেছেন নিহতদের স্বজনেরা। ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে সরকার ১০ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে।
বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের রাজধানী মিন্নায় একটি সেলের ভেতর থেকে ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। অবৈধভাবে সোনা উত্তোলনের অভিযোগে নাইজেরিয়া সিকিউরিটি অ্যান্ড সিভিল ডিফেন্স কোরের (এনএসসিডিসি) সদস্যরা তাদের আটক করেছিলেন বলে জানা গেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বেঁচে যাওয়া কয়েকজন আটক ব্যক্তি সেলের ভেতরের ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছেন। তাদের ভাষ্য, ছোট একটি কক্ষে অতিরিক্ত সংখ্যক মানুষকে গাদাগাদি করে রাখা হয়েছিল এবং সেখানে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না।
একজন প্রত্যক্ষদর্শী জানান, দরজা বন্ধ করে দেওয়ার আগে সেলের ভেতরে এমন একটি পদার্থ ছিটানো হয়, যার কারণে তাদের নাক ও গলায় তীব্র জ্বালা সৃষ্টি হয়। সাহায্যের জন্য তারা চিৎকার করলেও বাইরে থেকে কেউ সাড়া দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর খনিজসম্পদে সমৃদ্ধ নাইজার রাজ্যের রাজধানী মিন্নায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে সরকারি সম্পত্তি ভাঙচুর করেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে পুলিশ রাবার বা পেলেট গুলি ব্যবহার করেছে, নাকি সরাসরি গুলি চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। এক ব্যক্তি জানান, এক খনি শ্রমিকের জানাজা থেকে ফেরার পথে রাস্তায় হাঁটার সময় তিনি গুলিবিদ্ধ হন।
হাসপাতালে চিকিৎসাধীন ২৪ বছর বয়সী আলামিন আদামু বলেন, তিনি গুলির শব্দ শুনে দ্রুত নিচু হয়ে যান। এরপর জ্ঞান হারিয়ে ফেলেন এবং পরে দেখতে পান তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
নিহতদের একজনের ভাই ২৭ বছর বয়সী আদামু ইদ্রিস সরকারের কাছে বিচার দাবি করেছেন। তিনি বলেন, কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। একই ঘটনায় হেফাজতে দুই সন্তান হারানো ৫২ বছর বয়সী মুসা আলিয়ুও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।
প্রেসিডেন্ট বোলা টিনুবু শুক্রবার ঘটনাটির পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেন। সরকারি অবহেলা, দায়িত্বে গাফিলতি বা কর্তব্যে অবহেলার কারণে মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।
এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ১০ সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠনের ঘোষণা দেয়। কমিশনে একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা, একজন চিকিৎসা বিশেষজ্ঞ, একজন মানবাধিকারকর্মী এবং খনি শ্রমিকদের একটি সংগঠনের প্রতিনিধি রয়েছেন। তদন্ত শেষ করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিশনকে সময়সীমা দেওয়া হয়েছে।
এদিকে খনি শ্রমিকদের গ্রেপ্তার ও আটকের ঘটনায় জড়িত এনএসসিডিসির ২০ কর্মকর্তা ও প্রহরীকে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নাইজার রাজ্যটি বিপুল খনিজসম্পদের জন্য পরিচিত এবং আয়তনে বেলজিয়ামের দ্বিগুণেরও বেশি। রাজ্যটিতে হাজার হাজার ক্ষুদ্র খনি শ্রমিক কাজ করেন, যাদের বড় একটি অংশ সোনা আহরণের আশায় এ পেশায় যুক্ত হয়েছেন।

নাইজেরিয়া, হেফাজতে মৃত্যু, তদন্ত কমিশন


এ জাতীয় আরো খবর