শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অনৈতিক সিন্ডিকেট বরদাশত নয়: রুহুল কুদ্দুস কাজল

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-১৮ ১৫:১৬:৩৬
ছবি: সংগৃহীত।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভেতরে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র কিংবা অনৈতিক সিন্ডিকেটকে গড়ে উঠতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানান তিনি।
শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের হলিডে ইন হোটেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘ ও ইউএনডিপির সহায়তায় আয়োজিত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের শিরোনাম ‘স্ট্রেনদেনিং দ্য প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসেস অব প্রসিকিউটোরিয়াল এথিক্স ফর দ্য অ্যাটর্নি জেনারেলস অফিস অব বাংলাদেশ’।
অ্যাটর্নি জেনারেল বলেন, কার্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মী অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আইন কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দায়িত্ব শুধু মামলায় জয়লাভের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহযোগিতা করাই তাদের অন্যতম প্রধান দায়িত্ব।
বাংলাদেশে প্রথমবারের মতো অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের জন্য নৈতিকতা বিষয়ে এ ধরনের উচ্চতর প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী প্রশিক্ষণে কার্যালয়ের ১৬০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল অংশ নিচ্ছেন।

অ্যাটর্নি জেনারেল, আইন কর্মকর্তা, নৈতিকতা


এ জাতীয় আরো খবর