বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

সিলেটের সম্ভাবনাময় খাতে স্থানীয় ও প্রবাসী বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-১৫ ২১:৩৪:২৬

সিলেটের পর্যটন, চা, মৎস্য, জ্বালানি ও শিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে স্থানীয় ব্যবসায়ী ও প্রবাসীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, সিলেটের পাহাড়, নদী, ঝরনা, চা-বাগান, বন ও হাওরকে কেন্দ্র করে পর্যটনসহ বিভিন্ন খাতের বিকাশের সুযোগ রয়েছে। এসব সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে অঞ্চলটির অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে থাকা যোগ্য ও সক্ষম ব্যক্তিরা সিলেটের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগে এগিয়ে এলে পর্যটনসহ সংশ্লিষ্ট শিল্পের বিকাশে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
চা শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সিলেটের চা-বাগান দেশ-বিদেশে পরিচিত। এই খাতকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। একইভাবে সিলেটের হাওরাঞ্চলে মৎস্য চাষের সম্ভাবনা এবং স্থানীয় খনিজ সম্পদকে কাজে লাগিয়ে শিল্প স্থাপনের সুযোগ রয়েছে বলেও তিনি জানান।
জ্বালানি, কৃষি, শিল্প, চা, পর্যটন ও গ্যাসসহ বিভিন্ন খাতের সম্ভাবনা কাজে লাগাতে ক্ষুদ্র উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সিলেটের চা বিদেশে রপ্তানির সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও তিনি মত দেন।
সিলেটের প্রবাসী জনগোষ্ঠীর অবদানের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, প্রবাসীরা শুধু সিলেটের অর্থনীতিতে নয়, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আগামী দিনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশ পুনর্গঠন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা। এ লক্ষ্যে অভিন্ন বিষয়গুলোতে ঐকমত্যের ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, দেশের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করে আসছেন। এই সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতিকে দেশের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেন তিনি।
সিলেটবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, তিনি অতীতেও সিলেটের মানুষের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির সহধর্মিনী উপস্থিত ছিলেন। এ ছাড়া বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জিকে গাউছ, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিলেট বিনিয়োগ, পর্যটন, প্রবাসী বিনিয়োগ


এ জাতীয় আরো খবর