শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

ইরান যুদ্ধ শেষের দিকে,চুক্তির ইঙ্গিত ট্রাম্পের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৯-১৮ ০৯:৩৪:৩৬
ফাইল ছবি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করে একটি সমঝোতায় পৌঁছাতে চাইছে বলেও দাবি করেছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) উত্তর ক্যারোলাইনায় পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আশা করা যায় যুদ্ধের শেষের দিকে যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে। ইরান চুক্তি করতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি। তবে সেই সমঝোতার ধরন বা সম্ভাব্য শর্ত কী হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান সরাসরি যোগাযোগ করেছে। তবে কার মাধ্যমে বা কী বিষয়ে সেই যোগাযোগ হয়েছে, সে সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি তিনি।
ট্রাম্পের এ বক্তব্যের এক দিন আগে মার্কিন প্রতিনিধি পরিষদে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব ২২০-২০৪ ভোটে পাস হয়। তবে প্রস্তাবটি বাস্তবে সামরিক অভিযান বন্ধে কতটা কার্যকর হবে, তা নিয়ে সাংবিধানিক ও প্রক্রিয়াগত প্রশ্ন রয়েছে। এর আগে একই ধরনের উদ্যোগও প্রেসিডেন্টের অনুমোদন ছাড়া কার্যকর হওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতার মুখে পড়েছিল।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে হরমুজ প্রণালি। এই জলপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে নানা পর্যায়ে আলোচনা হয়েছে। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও ইরান ও যুক্তরাষ্ট্রকে উত্তেজনা কমিয়ে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে বর্তমান সংঘাতের সূচনা হয়। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। কয়েক মাস ধরে চলা এই সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়েছে।
তবে ট্রাম্প যুদ্ধের সমাপ্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করলেও এখন পর্যন্ত সংঘাত পুরোপুরি বন্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি প্রকাশ্যে আসেনি। ফলে যুদ্ধের অবসান এবং সম্ভাব্য সমঝোতার বিষয়টি আপাতত আলোচনা ও যোগাযোগের পর্যায়েই রয়েছে।

ইরান যুদ্ধ, ট্রাম্প, হরমুজ প্রণালি


এ জাতীয় আরো খবর