যশোরের জিআই পণ্য খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার এ উপলক্ষে জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামে গাছ তোলা কার্যক্রমের উদ্বোধন ও গাছি সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন। তিনি তার বক্তৃতায় বলেন, চৌগাছা উপজেলায় প্রায় দুই লাখ খেজুর গাছ রয়েছে। এরমধ্যে অন্তত ৩০ হাজার খেজুর গাছ রয়েছে যা থেকে রস সংগ্রহ করা যায়। একটা খেজুর গাছ থেকে প্রতি মওসুমে প্রায় ৮০ লিটার রস পাওয়া যায়। উক্ত রস থেকে প্রায় ১০ কেজি গুড় উৎপাদন করা সম্ভব। সেই হিসেবে চৌগাছা উপজেলায় প্রতি মওসুমে প্রায় ৯ কোটি টাকার খেজুর গুড় উৎপাদন হয়ে থাকে এবং সমগ্র যশোর জেলায় চলতি মওসুমে কমপক্ষে ১০০ কোটি টাকার খেজুর গুড় উৎপাদন হবে। প্রধান অতিথি মোহাম্মদ আশেক হাসান তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী চৌগাছার খেজুর গুড় উৎপাদনের ব্যাপারে খোঁজ খবর রাখছেন। এছাড়া কৃষি মন্ত্রী মহোদয় চৌগাছা উপজেলাকে বিশেষ কৃষি অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন। তিনি আরো বলেন, সরকার চলতি মওসুম থেকে খেজুর গুড় বিদেশে রপ্তানি করার ব্যাপারে কার্যকর ভুমিকা রাখবে। তিনি আরো বলেন, একজন উদ্যোক্তা খেজুরের রস থেকে সিরাপ তৈরি করে চলতি মওসুমেই বিদেশে রপ্তানি করার উদ্যোগ গ্রহণ করেছেন। অনুষ্ঠান শেষে গাছীদের মাঝে প্রণোদনা তুলে দেন জেলা প্রশাসক। প্রণোদনার মধ্যে ছিল খেজুর গাছের চারা, গাছ কাটা দা, রস সংগ্রহের ভাড় (পাত্র) ইত্যাদি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জিএমএ মুনীব, উপজেলা সমাজসেবা অফিসার মেসবাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল প্রমুখ।